ডেস্ক রিপোর্ট:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২৯ অক্টোবর দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্মেলন চলবে ১ নভেম্বর পর্যন্ত।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ২৯ অক্টোবর দক্ষিণ কোরিয়া আসবেন বলে আশা করা হচ্ছে।’
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, এপেক ফোরামের ফাঁকে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতিনিধিদের মধ্যেও বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে সিউল জানিয়েছে।
দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, ট্রাম্প ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় শহর গিওংজুতে অবস্থান করবেন এবং এ সময় তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন।
সম্প্রতি ট্রাম্প হুমকি দিয়েছিলেন, বেইজিং রেয়ার-আর্থ টেকনোলজি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে তিনি সি চিনপিংয়ের সঙ্গে এপেক বৈঠক বাতিল করতে পারেন। তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ট্রাম্প এখনো বৈঠকের পরিকল্পনা ধরে রেখেছেন।
এ ছাড়া ট্রাম্প জানিয়েছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর সঙ্গেও পুনরায় সাক্ষাৎ করতে চান। পিয়ংইয়ং জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তারা আলোচনায় বসতে আগ্রহী।
ট্রাম্পের প্রথম মেয়াদে দু’জন নেতার মধ্যে তিন দফা বৈঠক হয়েছিল, যদিও পরমাণু কর্মসূচি নিয়ে স্থায়ী কোনো সমঝোতা হয়নি। পরবর্তীতে উত্তর কোরিয়া নিজেকে একটি ‘অপরিবর্তনীয়’ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
