ডেস্ক রিপোর্ট: টানা ১৭ মাস পর ব্যাংক আমানতের প্রবৃদ্ধি আবারও দুই অঙ্কের ঘরে ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের আগস্ট মাস শেষে আমানতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০ দশমিক ০২ শতাংশে।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৪৩ শতাংশ। তবে ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়জুড়ে প্রবৃদ্ধি এক অঙ্কে নেমে গিয়েছিল, যা জুলাইয়ে ছিল মাত্র ৮ দশমিক ৫০ শতাংশ।
অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মতে, ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার হ্রাস, ব্যাংকিং খাতে আস্থা বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিই আমানত বৃদ্ধির মূল কারণ।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন,
“ট্রেজারি বিল–বন্ডের সুদের হার কমছে। এজন্য অনেক করপোরেট প্রতিষ্ঠান এখন ব্যাংকের আমানতে বিনিয়োগ করছে।”
অন্যদিকে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন,
“কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে ব্যাংক খাতের প্রতি আস্থা ফিরেছে। রেমিট্যান্স বাড়ছে, ফলে টাকার সঞ্চালনও বেড়েছে।”
বর্তমানে ট্রেজারি বিলের সুদের হার এক অঙ্কে নেমে এসেছে। সর্বশেষ নিলাম অনুযায়ী ৯১, ১৮২ ও ৩৬৪ দিনের বিলের সুদ যথাক্রমে ৯.৫০%, ৯.৭১% এবং ৯.৬০%।
এছাড়া ৫ থেকে ২০ বছর মেয়াদি বন্ডের সুদের হারও ৯.৩৩% থেকে ৯.৮৯%–এর মধ্যে অবস্থান করছে।
