
ডেস্ক রিপোর্টঃ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গণভোটের মাধ্যমে সনদটিকে আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও, গণভোটের সময়সূচি, বাস্তবায়ন প্রক্রিয়া ও সনদের প্রয়োগ নিয়ে মতভেদ দেখা দিয়েছে।
এ অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও উপস্থিত থাকবেন বলে তাঁর প্রেস উইং নিশ্চিত করেছে।
এর আগে ঐকমত্য কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনূসের সঙ্গে পৃথক বৈঠক করেন।
ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাবের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে ‘জুলাই জাতীয় সনদ’। মঙ্গলবার রাতে দলগুলোর কাছে এর কপি পাঠানো হয়। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদে স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো একমত নয় দলগুলো।
কিছু রাজনৈতিক দল সনদে স্বাক্ষরের আগে ঐকমত্য কমিশনের সুপারিশ ও বাস্তবায়ন পদ্ধতি জানতে চায়। সূত্র জানায়, মঙ্গলবার রাতে এক বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে—সংবিধানিক আদেশ ছাড়া তারা সনদে স্বাক্ষর করবে না।
এদিকে, জামায়াতে ইসলামির পক্ষ থেকেও বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না হওয়ায় স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
