ডেস্ক রিপোর্ট: গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ বুধবার ইসরাইল ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। এ নিয়ে মোট ৯০ জনের মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে এই মরদেহগুলো ফেরত দেওয়া হয়। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিজন মৃত ইসরাইলির বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হবে।
চলমান এই বিনিময় প্রক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।
এর আগে গত সোমবার হামাস তিনজন ইসরাইলি এবং একজন নেপালির মরদেহ হস্তান্তর করেছিল। মঙ্গলবার আরও তিনজন ইসরাইলি ও একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ ফেরত দেওয়া হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই মরদেহগুলো স্থানীয় হাসপাতালে সংরক্ষণ করা হয়েছে, এবং শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
