ডেস্ক রিপোর্ট: দেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আজ এক বিস্তারিত জনসচেতনতামূলক সতর্কবার্তা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে জানায়, নগদ লেনদেনের সময় জনগণকে অধিক সতর্ক থাকতে হবে এবং জাল নোট শনাক্তে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে হবে। নোট গ্রহণের সময় প্রতিটি নাগরিককে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন—ওয়াটারমার্ক, নিরাপত্তা সুতা, ইন্টাগ্লিও (উঁচু) প্রিন্টিং, রঙ পরিবর্তনশীল কালি ও মাইক্রো টেক্সট ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবি বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়েছে এবং নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে উৎসাহিত করেছে।
সন্দেহজনক কোনো নোট পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
