ডেস্ক রিপোর্ট: বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ৩৮ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এই ক্রয় সম্পন্ন করে।
এ নিয়ে চলতি বছরের ১৩ জুলাই থেকে শুরু হওয়া নিলাম কার্যক্রমে মোট ১৫টি নিলামের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ২.১২৬ বিলিয়ন ডলার কিনেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক মুদ্রার অতিরিক্ত সরবরাহ নিয়ন্ত্রণ ও ডলারের দর স্থিতিশীল রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক গতি দেখা দিয়েছে।
চলতি মাসের শুরুতে ৯ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক ১০৭ মিলিয়ন ডলার এবং ৬ অক্টোবর ১০৪ মিলিয়ন ডলার কিনেছিল। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, ডলারের দর স্থিতিশীল রাখা দেশের অর্থনীতির জন্য অপরিহার্য। খুব বেশি বাড়লে যেমন আমদানি খরচ বাড়ে, তেমনি কমে গেলে রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হয়।
বিশেষজ্ঞদের মতে, নিলামের মাধ্যমে ডলার ক্রয় কার্যক্রমে রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরা লাভবান হচ্ছেন, পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী হচ্ছে।
