ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে আবারও বেড়েছে সোনার দাম, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার নতুন দাম ঘোষণা করেছে, যা আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।
এই নিয়ে চলতি অক্টোবর মাসে ষষ্ঠবারের মতো বাড়ল সোনার দাম। নতুন ঘোষণায় ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম ২ হাজার ৬১৩ টাকা বেড়ে দাঁড়াচ্ছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে খাঁটি সোনার (তেজাবি সোনা) দামের ধারাবাহিক ঊর্ধ্বগতির কারণে দেশীয় বাজারেও এ দাম বাড়ানো হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে—বর্তমানে প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ২০৫ টাকা।
নতুন দর অনুযায়ী—
- ২২ ক্যারেট সোনা: ২,১৬,৩৩২ টাকা ভরি
- ২১ ক্যারেট সোনা: ২,০৬,৪৯৯ টাকা ভরি
- ১৮ ক্যারেট সোনা: ১,৭৭,০০১ টাকা ভরি
- সনাতন পদ্ধতির সোনা: ১,৪৭,৩৫১ টাকা ভরি
গত ৭ অক্টোবর প্রথমবারের মতো দেশে সোনার দাম ২ লাখ টাকার মাইলফলক অতিক্রম করে। অথচ মাত্র ২৬ মাস আগে সোনার দাম ছিল ভরিপ্রতি ১ লাখ টাকা।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধি ও বিনিয়োগকারীদের চাহিদা বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনার দাম লাগাতার বাড়ছে।
