ডেস্ক রিপোর্ট : মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা ক্রমবর্ধমান রাজনৈতিক সংকটের মুখে মঙ্গলবার জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন। বিরোধী দলের নেতৃত্বে চলমান সহিংস বিক্ষোভ এবং পদত্যাগের দাবির মুখে দ্বীপ রাষ্ট্রটিতে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।আন্তানানারিভো থেকে এএফপি জানায়, গত দুই সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং রাজধানীজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। মূলত তরুণ বিক্ষোভকারীদের নেতৃত্বে রাজপথে নেমেছে হাজারো মানুষ, যারা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতি ও বেকারত্বের অভিযোগ তুলেছে।ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, “রেডিও ও টেলিভিশনে প্রচারের সাথে সাথেই সংসদ ভেঙে দেওয়ার ডিক্রি কার্যকর হবে।”এদিকে রাজোয়েলিনা আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে লিখেছেন, “আমাদের জাতির মধ্যে শৃঙ্খলা পুনরুদ্ধার ও গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। জনগণের কথা আবারও শুনতে হবে—তরুণদের জন্য পথ খুলে দিতে হবে।”বিরোধীদলীয় নেতা সিতেনি রাান্ড্রিয়ানাসোলোনিয়াইকো দাবি করেছেন, প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং সংসদে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হবে।রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, রাজোয়েলিনা গত সপ্তাহান্তে ফরাসি সামরিক বিমানে দেশ ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে, যদিও ফরাসি কর্তৃপক্ষ এখনো বিষয়টি নিশ্চিত করেনি।রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহল শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।
