ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠাণ্ডাজনিত জ্বর ও শারীরিক অসুস্থতায় ভুগছেন। তবে সূত্র জানিয়েছে- এটি কোভিড নয়, বরং সতর্কতামূলকভাবে তিনি নিজেকে সীমিত রাখছেন।
চলতি মাসের ২০ অক্টোবর সপরিবারে ওমরাহ পালনের জন্য লন্ডন ত্যাগের পরিকল্পনা করেছিলেন তিনি। ভিসা ও টিকিটসহ সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও শেষ মুহূর্তে অসুস্থতার কারণে সেই যাত্রা বাতিল করতে হয়।
শুক্রবার (১০ অক্টোবর) এক সাক্ষাৎপ্রার্থীর সঙ্গে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায় তাকে। শনিবার (১১ অক্টোবর) লন্ডনের বিএনপি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, তারেক রহমান এখন বিশ্রামে আছেন এবং চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।
এদিকে, দেশে ফেরার সময়সূচিতেও পরিবর্তন এসেছে। পূর্বনির্ধারিত নভেম্বরের তৃতীয় সপ্তাহের পরিবর্তে এখন তিনি দ্বিতীয় সপ্তাহেই দেশে ফিরতে চান। দেশে ফেরার পর টানা তিন মাস নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
যুক্তরাজ্য বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক জানান, “তারেক রহমান শিগগিরই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, তবে সুনির্দিষ্ট দিন এখনো নির্ধারিত হয়নি।” দেশে ফেরার পথে তিনি ওমরাহ পালন করবেন কিনা, তা এখনো চূড়ান্ত হয়নি।
