ডেস্ক রিপোর্ট :মিশরের শারম আল-শেখ শহরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাতারের তিনজন কূটনীতিক নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। রবিবার এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ।সূত্র মতে, কূটনীতিকরা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিয়ে লোহিত সাগর উপকূলের অবকাশযাপন শহরটি থেকে ফিরছিলেন। এ সময় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন পাঁচজন কাতারি কূটনীতিক ও এক মিশরীয় চালক। এতে তিনজন কাতারি কূটনীতিক ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন আহত হয়ে শারম আল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।কায়রোতে অবস্থিত কাতারি দূতাবাস এক বিবৃতিতে নিহত কূটনীতিকদের মৃত্যুর ঘটনায় ‘গভীর দুঃখ ও শোক’ প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, আহতদের দোহায় পাঠানোর প্রস্তুতি চলছে।উল্লেখ্য, কাতার গত কয়েক মাস ধরে মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছিল। শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ৯টায় (GMT 0900) যুদ্ধবিরতি কার্যকর হয়।এদিকে সোমবার থেকে শারম আল-শেখে শুরু হতে যাচ্ছে শান্তি শীর্ষ সম্মেলন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সভাপতিত্ব করবেন। গাজা উপত্যকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতৃবৃন্দ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
