ডেস্ক রিপোর্ট :নিলামের মাধ্যমে আরও ১০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই পরিমাণ ডলার কেনা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।তিনি জানান, “বাজারে এখন চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য স্থিতিশীল রাখতে গত জুলাই থেকে ডলার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।”বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে ডলার কেনা হয়। যেখানে এক ডলারের বিনিময়হার ছিল ১২১ টাকা ৮০ পয়সা।এর আগে বিভিন্ন সময়ে ১৩ দফায় ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গত ১৩ জুলাই ১৭ কোটি ১০ লাখ ডলার, ১৫ জুলাই ৩১ কোটি ৩০ লাখ ডলার ও ২৩ জুলাই এক কোটি ডলার কেনা হয়। পরবর্তীতে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পর্যায়ক্রমে আরও ডলার কেনা হয়েছে বিভিন্ন দরে, যা ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা পর্যন্ত ওঠানামা করেছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে এখন পর্যন্ত মোট ২০৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।অর্থনীতিবিদদের মতে, ডলার কেনার এই পদক্ষেপ বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে এবং রপ্তানি আয়ের ধারাবাহিকতা বজায় রাখতে ভূমিকা রাখবে।
