ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, সেনাবাহিনীর আশকারায় জাপা পরিকল্পিতভাবে অরাজকতা তৈরির চেষ্টা করেছিল, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, “জাপাকে সেনাবাহিনীর কিছু সদস্য আশকারা দিচ্ছে, তারাই আমার ওপর হামলায় জড়িত। আমাকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়—মাথায় ও ব্রেইনে গুরুতর আঘাত পেয়েছি।”
তিনি আরও বলেন, “আমাদের পক্ষ থেকে কোনো সংঘর্ষ হয়নি। জাপার কর্মীরা ইটপাটকেল ছুঁড়লেও আমরা সংযম দেখিয়েছি। কিন্তু সেনাবাহিনীর কিছু ব্যক্তি, বিশেষ করে ঘটনাস্থলের কমান্ডিং অফিসার সরাসরি এতে জড়িত ছিলেন।”
নুরের অভিযোগ, “আমাকে হামলা করা হয়েছে একটি বার্তা দেওয়ার জন্য—যারা ‘রিফাইন আওয়ামী লীগ’ তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই এর পেছনে আছে।”
