ডেস্ক রিপোর্ট: দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল অর্চিতা স্পর্শিয়া বর্তমানে জীবনের এক সংকটময় সময় পার করছেন। মুখ বা চোয়ালে সৃষ্টি হওয়া বিরল ও জটিল টিউমার অ্যামেলোব্লাস্টোমা রোগে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি। খুব শিগগিরই তার অস্ত্রোপচার হওয়ার কথা।

গত মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আবেগপূর্ণ একটি পোস্টের মাধ্যমে অসুস্থতার কথা জানান স্পর্শিয়া। তিনি লেখেন যে, গত কয়েকদিন ধরে তিনি অপারেশনের জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।পোস্টে স্পর্শিয়া লিখেছেন, ‘আমি অ্যামেলোব্লাস্টোমা রোগে আক্রান্ত এবং গত কয়েকদিন ধরে অপারেশনের আগে চিকিৎসার মধ্যে আছি। এ অবস্থায় আমার পক্ষে কারও সঙ্গে কথা বলা বা ফোন রিসিভ করা সম্ভব নয়।’
অভিনেত্রী জানান, কাজ সংক্রান্ত বিষয়ে তিনি আপাতত কাউকে সাড়া দিতে পারছেন না। তিনি অনুরোধ করে লেখেন, ‘কাজ সংক্রান্ত প্রয়োজনে দয়া করে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে রাখুন। সুস্থ হয়ে ওঠার পর দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব।’
এই কঠিন সময়ে সকলের কাছে দোয়া চেয়ে স্পর্শিয়া লেখেন,
‘আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমার সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, অ্যামেলোব্লাস্টোমা মুখগহ্বর বা চোয়ালের একটি বিরল টিউমার, যা সময়মতো চিকিৎসা না নিলে মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। অর্চিতা স্পর্শিয়ার অসুস্থতার খবর প্রকাশের পর বিনোদন জগতে নেমে এসেছে বিষাদের ছায়া। সহকর্মী ও ভক্তরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
আরো পড়ুন : খুলনার লোকজ গল্পে নির্মিত তাওকীরের নতুন সিনেমা ‘দেলুপি’
