ডেস্ক রিপোর্ট: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৮ হাজার ১৩৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ হাজার ১১৬ মিলিয়ন ডলার।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুধু অক্টোবরের প্রথম ছয় দিনেই প্রবাসীরা ৫৫২ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা ধারাবাহিক প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, বৈধ চ্যানেলে প্রণোদনা বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে কঠোর পদক্ষেপ ও ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
বাংলাদেশ ব্যাংক আশাবাদী যে, চলতি অর্থবছরের শেষে রেমিট্যান্স আয়ের এই ইতিবাচক ধারা বজায় থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়বে।
