ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-কে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত ‘সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫’ এবং সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসএবিসিসিআই)-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
গভর্নর বলেন, “আমি লক্ষ্য করেছি, পিআইএফ দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে, কিন্তু এখনো বাংলাদেশে আসেনি। আমার প্রস্তাব— সৌদি সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীদের এখন বাংলাদেশের দিকেও মনোযোগ দেওয়া উচিত।”
তিনি আরও বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিশাল সম্ভাবনা রয়েছে। শ্রম, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশ একে অপরের পরিপূরক ভূমিকা পালন করতে পারে।
ড. মনসুর উল্লেখ করেন, “বাংলাদেশ একটি স্থিতিস্থাপক ও গতিশীল অর্থনীতি, যা দীর্ঘ তিন দশক ধরে টেকসই প্রবৃদ্ধি ধরে রেখেছে।”
তিনি বলেন, “জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রয়োজন জ্বালানি ও মূলধন, আর সৌদি আরবের উভয় সম্পদই রয়েছে। তাই পারস্পরিক অংশীদারিত্ব উভয় দেশের জন্যই লাভজনক হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানি বাড়াতে পারে এবং সৌদি আরব সেই রপ্তানির বড় বাজার হতে পারে।”
সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স প্রেরণকে আরও সহজ ও সাশ্রয়ী করার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, আর্থিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
শেষে ড. মনসুর আশা প্রকাশ করেন, নবগঠিত এসএবিসিসিআই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিজনেস-টু-বিজনেস (B2B) এবং ইনভেস্টর-টু-ইনভেস্টর (I2I) সংযোগ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
