ছবিসূত্র: সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: দেশের বিরুদ্ধে এখন তিনটি পরাশক্তি আগ্রাসন চালানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এর মধ্যে দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্ব মোড়ল।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো। আবরার ফাহাদের জীবন নেওয়ার মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে।’
তিনি আরও বলেন, ‘হাসিনার মতো একটি লেজুড়বৃত্তি নেতার কারণেই পরাশক্তির দেশগুলো রাজনৈতিক হেজিমনি ও আগ্রাসন চালাতে পেরেছে।’ মেধা, সততা ও ভালো নেতৃত্ব দিয়ে রাজনীতির মাঠে প্রতিযোগিতা করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের রাজনীতিতে দৃষ্টান্ত সৃষ্টি করতে হলে ভালো উদাহরণ দরকার।’
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সময় ছাত্রলীগের নেতৃত্বের ভেতরে একটি গুপ্ত সংগঠন সক্রিয় ছিল। মামলায় হত্যাকারীদের ফাঁসি থেকে রক্ষার চেষ্টা করছে জামায়াত নেতা শিশির মনির। তারা জানান, যুগে যুগে এই ধরনের গুপ্ত সংগঠনের কার্যক্রম সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরবে ছাত্রদল।
আরও পড়ুন: কাঙ্ক্ষিত নির্বাচনি প্রতীক ‘শাপলা’ পেতে যাচ্ছে এনসিপি
Find us on Facebook
