ডেস্ক রিপোর্ট: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান আবারও বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন নতুন চমক নিয়ে। তার সর্বশেষ ছবি ‘সোলজার’-এর শুটিং শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। রোববার (৫ অক্টোবর) বিকেলে ক্যামেরা চালু হয় প্রথম দৃশ্যের জন্য।

তবে শুরুতেই শুটিংয়ে অংশ নিচ্ছেন না শাকিব খান। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে কিছু পার্শ্বচরিত্র ও পরিবেশনির্ভর দৃশ্য ধারণ করা হচ্ছে। দ্বিতীয় দফায় মূল চরিত্রগুলোর দৃশ্যধারণ শুরু হবে, যেখানে শাকিব যোগ দেবেন দলের সঙ্গে।ছবিটিতে নায়কের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। তিনি ১৫ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। নিজের প্রথম দিকের বড় প্রজেক্ট নিয়েই তিনি আশাবাদী। তার ভাষায়,“আমরা এমন একটি গল্প বলতে চাই, যা দেশপ্রেমের আবেগে ভরপুর হলেও বর্তমান সমাজ ও মানুষের বাস্তব চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটাবে।” তিনি আরও যোগ করেন, “দর্শকরা এবার শাকিব ভাইকে একদম নতুনভাবে দেখতে পাবেন। ‘সোলজার’-এর চরিত্রে তিনি সাধারণ মানুষের প্রতিনিধি—যার স্বপ্ন, সংগ্রাম আর কষ্টের মধ্যেই লুকিয়ে আছে জীবনের বাস্তব গল্প।”
‘সোলজার’-এর অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন বরেণ্য শিল্পী তারিক আনাম খান, অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ এবং জান্নাতুল ফেরদৌস ঐশী। শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘তাণ্ডব’, যা গত কোরবানির ঈদে মুক্তি পেয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। নতুন সিনেমা ‘সোলজার’-এ এই নায়ককে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের প্রত্যাশায় উচ্ছ্বসিত নির্মাতা ও দর্শক—দু’পক্ষই।
