ডেস্ক রিপোর্ট: টেলর সুইফট মানেই সঙ্গীত জগতে ঝড়। তার নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশের পরই ইন্টারনেট সরগরম হয়ে ওঠে। তবে টেলর সুইফটের অ্যালবাম মানেই শুধু গান নয়—প্রতিটি গানের পেছনে লুকিয়ে থাকে গভীর অর্থ ও ব্যক্তিগত ইঙ্গিত। এবারও ব্যতিক্রম ঘটেনি। এই অ্যালবামে তিনি নানা ব্যক্তিগত বিষয় ও বিতর্কিত সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন ভক্তরা।

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার গান ‘Cancelled!’, যেখানে অনেকেই ধারণা করছেন তিনি তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী ব্লেক লাইভলিকে উদ্দেশ্য করে কিছু বলেছেন। গানের প্রি-কোরাসের অংশে টেলর গেয়েছেন, “Did you fly too close to the sun, girlboss? Did they catch you having far too much fun?”—যা প্রথমে কটাক্ষ মনে হলেও মূল কোরাসে বোঝা যায়, তিনি আসলে লাইভলির প্রশংসাই করছেন।
মূল কোরাসে টেলর গেয়েছেন, “Good thing my friend’s cancelled. I like ’em cloaked in Gucci and in scandal,”—যা সরাসরি ইঙ্গিত দেয় ব্লেক লাইভলির গুচি ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ততা ও সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে হওয়া অনলাইন সমালোচনার দিকে।

অ্যালবাম প্রকাশের পর দেখা যায়, ব্লেক লাইভলি প্রথমে টেলরের ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দিয়েছিলেন, কিন্তু পরে সেটি তুলে নেন। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের বন্ধুত্বে টানাপোড়েনের গুঞ্জন ছড়ায়।
আরেকটি ভুল ধারণা হলো, অনেকে মনে করছেন টেলরের নতুন গান ‘Ruin The Friendship’ নাকি ব্লেক লাইভলিকে ঘিরে লেখা। কিন্তু বাস্তবে গানটি টেলরের স্কুলজীবনের এক পুরোনো বন্ধুর প্রতি অপূর্ণ ভালোবাসা নিয়ে। তিনি একাধিক সাক্ষাৎকারে সেই বন্ধু জেফ ল্যাং-এর কথা উল্লেখ করেছেন, যিনি তার কুড়ির দশকে মারা যান।
টেলর সুইফট ও ব্লেক লাইভলি বহু বছর ধরে ঘনিষ্ঠ বন্ধু, এমনকি টেলর তাদের চার সন্তানের গডমাদারও। তাই ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশের পর এই গুঞ্জনগুলো নতুন মাত্রা পেলেও, ভক্তরা এখনো আশা করছেন—দুজনের বন্ধুত্ব আগের মতোই অটুট থাকবে।
