ডেস্ক রিপোর্ট: চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৫.৯ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭ হাজার ৫৮৬ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ হাজার ৫৪৩ মিলিয়ন ডলার।
তথ্য অনুযায়ী, শুধু সেপ্টেম্বর মাসেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ৬৮৫ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই মাসে এ পরিমাণ ছিল ২ হাজার ৪০৫ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈধ চ্যানেলে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে এবং ব্যাংকগুলো ডিজিটাল ট্রান্সফার সুবিধা বাড়ানোয় এই প্রবৃদ্ধি এসেছে। রেমিট্যান্স বৃদ্ধিতে সরকারের প্রণোদনা ও শ্রমবাজার সম্প্রসারণও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়তা করবে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা আনবে।
