সংগৃহীত চিত্র
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে তাদের কাঙ্ক্ষিত নির্বাচনি প্রতীক ‘শাপলা’ পেতে যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) একাধিক সূত্র জানিয়েছে, দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে প্রতীকটি তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও ২ অক্টোবর প্রকাশিত ইসির গেজেটে শাপলা প্রতীক ছিল না।
ইসি সূত্রে জানা যায়, এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে ইতিবাচক পরামর্শ দেওয়া হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল ইসিকে জানিয়েছে—এই প্রতীক বরাদ্দে তাদের কোনো আপত্তি নেই।
বিএনপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হলে আমাদের কোনো আপত্তি নেই।”
এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, এনসিপির দাবি করা শাপলা প্রতীক নিয়ে তার কোনো আপত্তি নেই। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনে এনসিপির ভূমিকার প্রতি সম্মান দেখিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি—ইসি তাদের শাপলা প্রতীক দিলে কোনো আইনি পদক্ষেপ নেব না।” নাগরিক ঐক্যের বর্তমান প্রতীক ‘কেতলি’, তবে নিবন্ধনের সময় তারাও শাপলা চেয়েছিল।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বিষয়টি নীতিগতভাবে পর্যালোচনার মধ্যে রয়েছে। বিধিমালা সংশোধনের পর প্রতীকটি তালিকায় অন্তর্ভুক্ত করা হলে এনসিপিকে বরাদ্দ দেওয়া হবে।
আরও পড়ুন: আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের একদিনের কর্মসূচি
Find us on Facebook
