ডেস্ক রিপোর্ট: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক আজ রোববার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬.৬২ বিলিয়ন ডলারে।
বিশ্লেষকদের মতে, বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী হিসাব করায় রিজার্ভের প্রকৃত চিত্র আরও স্বচ্ছভাবে প্রতিফলিত হচ্ছে। এটি দেশের বৈদেশিক লেনদেনের সক্ষমতা ও আর্থিক স্থিতিশীলতার মূল্যায়নে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সহায়তা করছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আমদানি ব্যয়, রেমিট্যান্স প্রবাহ এবং রপ্তানি আয়ের উপর নির্ভর করেই রিজার্ভের এই ওঠানামা ঘটে থাকে। চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকলে রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
