ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেড ২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে ৯০ দিনের একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। সব সূচকে অগ্রগতি ও কর্মসম্পাদন নিশ্চিত করতে ব্যাংকটি এই উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচিটির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খান। তিনি ২ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত তিন মাসের এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনালী ব্যাংক জানায়, কর্মসূচিটির আওতায় প্রবাসী আয় (রেমিট্যান্স) আহরণ, আমানত সংগ্রহ, রপ্তানি বাণিজ্য বৃদ্ধি, পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রম, খেলাপি ঋণ আদায় এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নসহ সব সূচকে অগ্রগতি অর্জনে জোর দেওয়া হবে। কর্মদক্ষতা ও সাফল্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করার ঘোষণাও দেন এমডি।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) খান ইকবাল হোসেনের সভাপতিত্বে সব ডিএমডি, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম), জিএম অফিস, প্রিন্সিপাল অফিস, করপোরেট শাখার প্রধান এবং বিভিন্ন শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত সোনালী ব্যাংক ১০০ দিনের একটি বিশেষ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছিল।
