ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫-এ যোগদানের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ৯ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
এক্সপোটি ১ ও ২ অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনি মেসোনিক সেন্টারে (এসএমসি) অনুষ্ঠিত হবে। ডিসিসিআই’র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে প্রতিনিধি দল অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতার সুযোগ খুঁজবে।
এক্সপোতে অংশগ্রহণকারীরা পণ্য প্রদর্শনী, নেটওয়ার্কিং সেশন, বিটুবি মিটিং এবং বিষয়ভিত্তিক সেমিনারে অংশ নেবেন। এসব কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের পণ্য ও সেবার আন্তর্জাতিক প্রসার, অংশীদারিত্ব জোরদার এবং নতুন বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫-এ তৈরি পোশাক, জুতা, পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ডিভাইস, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, খাদ্য ও ফলমূল, পর্যটন, কৃষি, ফার্নিচার, হস্তশিল্প এবং রিয়েল এস্টেট খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ডিসিসিআই প্রতিনিধিদলে অংশ নিচ্ছে ৯টি প্রতিষ্ঠান— টেক্সট্রেড কর্পোরেশন, ফিঙ্গারটাচ সার্ভিসেস, ফারইস্ট হোল্ডিংস লিমিটেড, পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড, চৌধুরী শাজ্জাদ মনোয়ার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, নায়িশা এন্টারপ্রাইজ লিমিটেড, টোরি ক্রেডিট রিপোর্টস অ্যান্ড কালেকশনস লিমিটেড, টেকফিনা বিপিও অ্যান্ড কর্পোরেট অ্যাডভাইজারি লিমিটেড এবং আল-আরাফাহ পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
