গ্রেফতারকৃত সুকল মজুমদার। ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: ফেনীতে চলমান দুর্গাপূজাকে ঘিরে নাশকতা ও ষড়যন্ত্রের অভিযোগে সুকল মজুমদার (৪২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুকল মজুমদারকে আটক করা হয়। পরে তাকে ফেনী মডেল থানায় নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জায়লস্কর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে ছাত্র-জনতার ওপর গুলিতে আটজন নিহত হওয়ার ঘটনায় অর্থ জোগানদাতা হিসেবে সুকলের নাম উঠে আসে। ২০২৩ সালে ইউনিয়নের সিলোনীয়া বাজারে বিএনপির মিছিলে হামলার নেতৃত্বও দিয়েছিলেন তিনি।
এছাড়াও স্থানীয়দের দাবি, দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় বিভিন্ন বৈঠকে তার সম্পৃক্ততা রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান।
আরও পড়ুন: বিএনপির মনোনয়ন প্রাপ্তির ভুয়া তালিকা নিয়ে ফেসবুকে মাতামাতি
Find us on Facebook
