ছবিসূত্র- সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদের আইনিভিত্তি দিয়ে সে অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধসহ একাধিক দাবিতে দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতসহ আরও সাত রাজনৈতিক দল। মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সূত্রমতে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ রয়েছে। সেই সময় পর্যন্ত দাবি আদায়ের চাপ সৃষ্টি করতে নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে কর্মসূচী ঘোষণা ইচ্ছুক দলগুলো।
এর আগে গত ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ঢাকা, বিভাগীয় শহর এবং জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও নেজামে ইসলাম পার্টি।
জামায়াত সোমবার জানিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে তারা। ইসলামী আন্দোলন সকাল ১১টায় প্রেস ব্রিফিং করবে। জাগপার সংবাদ সম্মেলন হবে দুপুর ১২টায় পুরানা পল্টনে। এছাড়াও অন্যান্য দলেরও আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
এদিকে ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠকে আরও ১২টি সমমনা দল জুলাই সনদ ও পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে একমত হয়েছে। আগামী কর্মসূচিতেও তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে জানিয়েছে সূত্র।
আরও পড়ুন: ওমরাহ শেষে নভেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনা তারেক রহমানের
Find us on YouTube
