ডেস্ক রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আংশিক রপ্তানিকারক বা নন-বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য কাঁচামাল ও পণ্য আমদানিতে বড় সুবিধা দিয়েছে। এখন থেকে এসব প্রতিষ্ঠান ব্যাংক গ্যারান্টির বিনিময়ে শুল্কমুক্তভাবে কাঁচামাল বা পণ্য আমদানি করতে পারবে।
গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনবিআর থেকে জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সুবিধা নিতে হলে আমদানিকৃত পণ্যের জন্য কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত শুল্ক করাদির সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি দিতে হবে রপ্তানিকারক প্রতিষ্ঠানকে।
আগে শুধুমাত্র বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানরাই শুল্কমুক্ত সুবিধা পেত। কিন্তু নতুন নিয়মে যারা বন্ড লাইসেন্স নিতে পারছে না, তারাও এখন এ সুবিধা ভোগ করতে পারবে।
জাতীয় রাজস্ব বোর্ডের আশা, এই পদক্ষেপ রপ্তানিমুখী শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়াবে, রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য আনবে এবং দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে।
