ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া এলাকা নিয়ে গঠিত ফেনী-১ আসনে বিএনপির প্রার্থী হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ তথ্য জানিয়েছেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফুলগাজী উপজেলা বিএনপির ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রতিটি ইউনিয়নে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ফখরুল আলম স্বপন জানান, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপি আরও সংগঠিত হবে এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে কাজ করবেন। তিনি বলেন, খালেদা জিয়া ফেনীর ফুলগাজী আসন থেকেই নির্বাচন করবেন। এখানেই তার পৈতৃক বাড়ি এবং এ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঘোষিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নের সভাপতি হয়েছেন মনির আহম্মদ ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মাহমুদ মজুমদার। মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি নুরুল হক খোকন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী। দরবারপুর ইউনিয়নে সভাপতি ফজলুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু। আনন্দপুর ইউনিয়নে সভাপতি জিয়া হায়দার নাছির ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক। আমজাদহাট ইউনিয়নে সভাপতি মো. গোলাম সরওয়ার ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার। জি এম হাট ইউনিয়নে সভাপতি আবুল হাশেম ভূঁঞা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী নির্বাচিত হয়েছেন।
