ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে ব্যাংকিং ও ঋণ খাত সম্প্রসারণ ঘটলেও এর সুফল সমানভাবে ছড়িয়ে পড়েনি। দেশের মোট ঋণের প্রায় ৭৮ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে কেন্দ্রীভূত—এমন তথ্য উঠে এসেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক গবেষণায়।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর পিআরআই সম্মেলন কক্ষে উপস্থাপিত “বাংলাদেশ কি বিকেন্দ্রীকরণ ছাড়া উন্নয়ন সম্ভব?” শীর্ষক নিবন্ধে এ তথ্য জানানো হয়।
পিআরআই পরিচালক ড. আহমদ আহসান বলেন, “ঢাকা ও চট্টগ্রামে মোট ঋণের ৭৮ শতাংশ জারি হয়। অথচ দেশের অন্যান্য জেলায় ছোট ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) ঋণ পেতে হিমশিম খাচ্ছেন। এই আর্থিক একচেটিয়াত্ব নতুন উদ্যোগ সৃষ্টি বাধাগ্রস্ত করছে, কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করছে এবং আঞ্চলিক বৈষম্য বাড়াচ্ছে।”
তিনি আরও জানান, ব্যাংকিং খাতের সম্প্রসারণ হলেও ঢাকার বাইরে এসএমই খাত দুর্বল অবস্থায় রয়েছে। এর ফলে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে নগর শিল্প খাতে কর্মসংস্থান প্রবৃদ্ধি আগের তুলনায় কমেছে।
গবেষণায় বলা হয়েছে, দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৫টি পৌরসভা ৪০টিরও বেশি মন্ত্রণালয় ও সংস্থার অধীনে পরিচালিত হয়, ফলে মেয়ররা প্রায় ক্ষমতাহীন।
প্রতিবেদনে বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব দিয়ে স্থানীয় সরকার খাতে বরাদ্দ জিডিপির কমপক্ষে ১ শতাংশে উন্নীত করা, ঢাকা ও চট্টগ্রামে সম্পদ কর আদায় শক্তিশালী করা এবং বার্ষিক স্কোরকার্ড প্রবর্তনের সুপারিশ করা হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বাদিউল আলম মজুমদার বলেন, “প্রকৃত উন্নয়ন মানে মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনমানের উন্নতি। এজন্য স্থানীয় শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। বিকেন্দ্রীকরণ মানে শুধু ক্ষমতা নয়, সুবিধারও বিকেন্দ্রীকরণ।”
