প্রতীকী ছবি- ইন্টারনেট
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হঠাৎ জমায়েত ও ঝটিকা মিছিল ঠেকাতে সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ অভিযানে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীর পান্থপথের পানি ভবনের সামনে থেকে একটি ককটেলও উদ্ধার করা হয়েছে।
ডিসি তালেবুর রহমান বলেন, রাজধানীর ফার্মগেট, পানি ভবন ও তেজগাঁও এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিল। ডিএমপির বিভিন্ন টিম দ্রুত অভিযানে নামলে ককটেলসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়।
তিনি আরও জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
আরও পড়ুন: চট্টগ্রামে ভাড়াটে লোক দিয়ে মিছিল করানোর মূলহোতা নওফেল ও নাছির
Find us on Facebook
