ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের আইকনিক রক ব্যান্ড ওয়ারফেজ ইতিহাস গড়ল। দক্ষিণ এশিয়ার ব্যান্ড হিসেবে তারা প্রথমবারের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড জিপ্পো-এর সঙ্গে বিশেষ সহযোগিতায় যুক্ত হলো।

চুক্তির অংশ হিসেবে চলতি বছরের শেষ দিকে বাজারে আসবে দুইটি লিমিটেড-এডিশন জিপ্পো লাইটার। এতে এক পাশে থাকবে ওয়ারফেজ-এর অ্যালবাম কাভার আর অন্য পাশে ব্যান্ডের লোগো। যুক্তরাষ্ট্রে তৈরি এই সংগ্রহযোগ্য লাইটার নভেম্বরের মধ্যেই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। তবে দাম এখনো ঘোষণা করা হয়নি।
ওয়ারফেজ এখন কানাডায় ব্যস্ত তাদের চার দশকের সংগীতযাত্রা উদ্যাপন উপলক্ষে ট্যুরে। সেখান থেকেই তারা জানায়, জিপ্পোর মতো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া তাদের জন্য বিশাল সম্মানের। এ তালিকায় আগে ছিলেন মেটালিকা, গানস এন’ রোজেস, এলভিস প্রিসলি ও বব মার্লের মতো বিশ্বসেরা শিল্পীরা।
ব্যান্ড লিডার ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন,
“ওয়ারফেজ-এর ভক্তদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না। এটি মূলত ভক্তদের জন্য একটি উপহার।”
ওয়ারফেজ দেশে ফিরে একটি প্রেস কনফারেন্স আয়োজন করবে। সেখানে লাইটার উন্মোচন, দাম ও বাজারজাতকরণ নিয়ে বিস্তারিত জানানো হবে।
