ডেস্ক রিপোর্ট: অবশেষে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ যোগ দিচ্ছেন কোক স্টুডিও বাংলা সিজন-৩-এ। আসন্ন গান ‘জাদু’-তে তার সঙ্গে কণ্ঠ মেলাবেন তাজিকিস্তানের খ্যাতনামা শিল্পী মেহের নিগার রুস্তম।

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হয়েছিল গত ২৩ আগস্ট হাশিম মাহমুদের গাওয়া ‘বাজি’ গান দিয়ে। এরপর ১০ সেপ্টেম্বর প্রকাশিত হয় ‘লং ডিস্ট্যান্স লাভ’। দুটি গানই এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্প্রতি কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখা হয়,
“কোক স্টুডিও বাংলার এই সিজনে গানের ম্যাজিক চলছেই। এরপর কে আসবে জাদু নিয়ে? এখনই অনুমান করুন!”
এই পোস্টে জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান মন্তব্য করেন— “হাবিব ভাই”। এরপর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয় যে, নতুন গানটিতে থাকছেন হাবিব ওয়াহিদ। অবশেষে সেই খবর সত্যি হলো।
প্রতীক্ষার অবসান ঘটবে আগামী ২৫ সেপ্টেম্বর, যেদিন অনলাইনে উন্মোচন করা হবে নতুন গান ‘জাদু’।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে শুরু হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। এর আগে এই সিজনে প্রকাশিত হয়েছে ‘তাতি’, ‘মালো মা’ এবং ওয়ারফেজ ব্যান্ডের জনপ্রিয় গান ‘অবাক ভালোবাসা’।
