ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর দেশের শীর্ষ ব্যবসায়ীদের আমদানি ঋণপত্র (এলসি) খোলার জন্য পর্যাপ্ত ডলারের নিশ্চয়তা দিয়েছেন। একই সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (২২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে বসুন্ধরা, স্কয়ার, প্রাণ-আরএফএল, মেঘনা, নাবিল গ্রুপসহ দেশের ২০টি শিল্পগোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠকে গভর্নর এ আশ্বাস দেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “গভর্নর ব্যবসায়ীদের জানিয়েছেন—এখন আর কোনো আমদানিতে শর্ত নেই, ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার রয়েছে। রমজান উপলক্ষে বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে হবে।”
ব্যবসায়ীরা বৈঠকে আমদানি মনিটরিং সিস্টেমের জটিলতা তুলে দেওয়া এবং সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট শিথিল করার দাবি জানান। তবে গভর্নর বলেন, এসব পদক্ষেপ মানি লন্ডারিং ঠেকানো ও ব্যাংকগুলোর মূলধন জোরদারের জন্য জরুরি।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “গভর্নর চান আমদানি বাড়লেও যেন মূল্যস্ফীতি না বাড়ে। এজন্য বাজার বিশ্লেষণ করে পদক্ষেপ নেওয়া হবে।” নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপনও জানান, রমজানে খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীরা সর্বোচ্চ চেষ্টা করবেন।
এদিকে এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, বর্তমানে ডলারের ঘাটতি নেই। বাংলাদেশ ব্যাংক চায় রিজার্ভ ধরে রেখে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নামানো এবং পণ্যের সরবরাহ নিশ্চিত করা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও জানান, এখন ব্যাংকগুলোতে ডলারের কোনো সংকট নেই; বরং কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনছে। তিনি বলেন, “মূল্যস্ফীতি কমাতে পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হওয়া চলবে না। এজন্যই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে।”
