মার্কিন ডলারের দর স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামে আরও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২২ সেপ্টেম্বর) ১২১.৭৫ টাকা দরে ১২৯.৫০ মিলিয়ন ডলার কেনা হয়েছে। এর ফলে চলতি বছরের জুলাই থেকে এ পর্যন্ত নিলামের মাধ্যমে মোট ১.৮৮ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিলামে ডলার কেনার দরই ব্যাংকগুলোর জন্য রেফারেন্স রেট হিসেবে কার্যকর হচ্ছে। ব্যাংকার ও অর্থনীতিবিদদের মতে, এই পদক্ষেপ ডলার বাজারে স্থিতিশীলতা আনার পাশাপাশি রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রেরকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, “নিলামে ডলার কেনা একটি সঠিক পদক্ষেপ। এতে রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সহায়ক হবে এবং বাজারে ভারসাম্য বজায় থাকবে।”
তিনি আরও জানান, আমদানি, রপ্তানি ও বিনিয়োগের জন্য ডলার দরে স্থিতিশীলতা অপরিহার্য। ভারতসহ অন্যান্য দেশও একই ধরনের পদক্ষেপ নেয়। যখন বাজারে ঘাটতি তৈরি হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক ডলার ছাড়ে, আর অতিরিক্ত জোগান থাকলে ডলার কেনে—এভাবেই স্থিতিশীলতা বজায় থাকে।
বিশ্লেষকরা মনে করছেন, মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ায় বর্তমানে ডলারের চাহিদা তুলনামূলকভাবে কম। রেমিট্যান্স ও রপ্তানি আয় শক্তিশালী থাকায় আমদানি দায়ও পরিশোধ সম্ভব হয়েছে। ফলে বাজারে জোগান বাড়ছে, আর বাংলাদেশ ব্যাংকের নিলাম প্রক্রিয়া সেই ভারসাম্য ধরে রাখতে সহায়ক ভূমিকা রাখছে।
