ডেস্ক রিপোর্ট: ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনার পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।

উত্তর-পূর্ব ভারত উৎসব (North East India Festival) উপলক্ষে সিঙ্গাপুরে পৌঁছেছিলেন গার্গ। আয়োজক কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, “এটি এক অপূরণীয় ক্ষতি, আমাদের শোক ভাষায় প্রকাশের মতো নয়।” দুর্ঘটনার পর গার্গকে সিঙ্গাপুর পুলিশ সাগর থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ সম্মেলনে জানান, গার্গের মৃত্যুর কারণ ডুবে যাওয়া (drowning)। তার শেষকৃত্য মঙ্গলবার কামারকুচিতে অনুষ্ঠিত হবে। এছাড়া আসাম সরকারের পক্ষ থেকে কামারকুচি ও জোরহাটে তার স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।
আসাম মন্ত্রিসভার সদস্য অশোক সিংহল এক্সে লিখেছেন, “আসাম হারিয়েছে শুধু একটি কণ্ঠ নয়, একটি হৃদস্পন্দন। জুবিন দা শুধু গায়ক ছিলেন না, তিনি আসাম ও সমগ্র জাতির গর্ব ছিলেন।”
তিন দশকেরও বেশি সময়জুড়ে ক্যারিয়ারে জুবিন গার্গ গেয়েছেন অসংখ্য ভাষা ও উপভাষায়। বাংলা, অসমিয়া ও হিন্দি চলচ্চিত্র ও সংগীতে তিনি ছিলেন শক্তিশালী এক নাম। ২০০৬ সালে বলিউড চলচ্চিত্র গ্যাংস্টার–এ ব্যবহৃত তার জনপ্রিয় গান “ইয়া আলি” তাঁকে সর্বভারতীয় পরিচিতি এনে দেয়। সেই বছর তিনি গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা প্লেব্যাক গায়ক হন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। এক্সে তিনি লিখেছেন, “তার কণ্ঠ এক প্রজন্মকে সংজ্ঞায়িত করেছে। ব্যক্তিগত ট্র্যাজেডি পেরিয়ে তিনি অসমীয়া সংগীতকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার সাহস ও অধ্যবসায় আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।”
