ডেস্ক রিপোর্ট: সমুদ্রগামী বড় জাহাজ আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। তবে ভ্যাট অব্যাহতি পেতে হলে আমদানিকারককে ৭টি কঠোর শর্ত পূরণ করতে হবে।
এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার বেশি জাহাজ আমদানি করতে হবে। আমদানিকৃত জাহাজকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ হিসেবে নিবন্ধন করতে হবে এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) কর্তৃক স্বাক্ষরিত কনভেনশনসমূহ মেনে চলতে হবে।
শর্ত অনুযায়ী—
- জাহাজ ২৫ বছরের বেশি পুরোনো হতে পারবে না।
- কমপক্ষে ৩ বছর বাংলাদেশের পতাকাবাহী জাহাজ হিসেবে ব্যবহার করতে হবে।
- আয় ও ব্যয় দেশের তফসিলি ব্যাংকের এফসি অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং প্রতি বছর প্রসিড রিয়েলাইজেশন সার্টিফিকেট (পিআরসি) জমা দিতে হবে।
- অয়েল ট্যাংকার আমদানির ক্ষেত্রে সামুদ্রিক দূষণ রোধে নিয়ম মানতে হবে।
- জাহাজে কর্মরত কমপক্ষে ৭০% বাংলাদেশি নাগরিক নিয়োগ দিতে হবে।
- যাবতীয় শর্ত পালনের অঙ্গীকার ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে দিতে হবে।
এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, শর্ত ভঙ্গ হলে ভ্যাট অব্যাহতি বাতিল হবে এবং আমদানিকারককে প্রযোজ্য ভ্যাট পরিশোধ করতে হবে।
