বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারে যোগ দিয়ে ছাত্র প্রতিনিধিরা রাষ্ট্র নির্মাণে তেমন ভূমিকা রাখতে পারেননি। তাই নিজ উদ্যোগে ছাত্র প্রতিনিধিদেরকে সরকার থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর আইইডিবি ভবনে অনুষ্ঠিত তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে এসব মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “ছাত্র প্রতিনিধিদেরকে সরকার থেকে সরে আসার আহ্বান আমরা জানালেও, তাদের নিজেদের তাগিদ থাকতে হবে।”
এ সময় তিনি দলের স্বার্থের বাইরে গিয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সালাহউদ্দিন আহমেদ বলেন, “কারা সরকার গঠন করবে বা বিরোধী দল হবে, তা জনগণ নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, ত্রয়োদশ নির্বাচনে পিআর পদ্ধতি হবে কি না, সেই সিদ্ধান্তও জনগণের। যারা পিআর নিয়ে আন্দোলন করছেন, তাদের নির্বাচনে জিতে ইশতেহারের মাধ্যমে তা বাস্তবায়নের পরামর্শ দেন।
পিআর নিয়ে ধর্মভিত্তিক দলগুলোর উদ্দেশ্যে সালাহউদ্দিন বলেন, “নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সাংবিধানিক শূন্যতা তৈরি হলে লাভবান হবে অসাংবিধানিক শক্তি।” তিনি মনে করেন, জুলাই সনদের আইনি ভিত্তি আলোচনা টেবিলে নিষ্পত্তি হবে।
আরও পড়ুন: আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা বানিয়েছে
Find us on Facebook
