ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনসহ নানা দাবিতে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনের আন্দোলন কর্মসূচি শুরু করছে বিভিন্ন দল। এতে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
দলগুলোর মধ্যে সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাগপা। আর খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস সংসদের উচ্চকক্ষে এ পদ্ধতি বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে। তবে নেজামে ইসলাম পার্টি এ দু’টোর কোনটির পক্ষেই মত দেয়নি।
পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন ব্যতিত বাকি ছয়টি দল। আর প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়েছে নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।
আজ রাজধানী এবং আগামীকাল বিভাগীয় শহরগুলোতে পাশাপাশি ২৬ সেপ্টেম্বর সারাদেশের জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করার কথা রয়েছে দলগুলোর। গত কয়েকদিনে ভিন্ন ভিন্ন সময়ে দলগুলো এসব কর্মসূচি ঘোষণা করেছে।
জামায়াতে ইসলামী জানায়, বিসিএস পরীক্ষার কারণে বৃহস্পতিবার ও শুক্রবারের কর্মসূচি বিকেলে পালন করা হবে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে তাদের বিক্ষোভ মিছিল হবে। মিছিলে নেতৃত্ব দেবেন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।
বাংলাদেশ খেলাফত আন্দোলন জানিয়েছে, তাদের দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে।
আরও পড়ুন: শেখ হাসিনার দুটি লকারের নিয়ন্ত্রণ নিয়েছে এনবিআর সিআইসি
Find us on Facebook
