ডেস্ক রিপোর্ট: বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে ওঠা চাঞ্চল্যকর অভিযোগে নতুন মোড় এসেছে। চাকরির সুবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় বদলি হয়েছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে সরকারি পদমর্যাদা ব্যবহার করে এক বা দুই নয়, বরং মোট ১৭টি বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, যৌতুকের জন্য স্ত্রীদের ওপর নির্যাতন চালানোর ঘটনাও প্রকাশ্যে এসেছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত একাধিক স্ত্রী বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগগুলো প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। জনমতের চাপে নড়েচড়ে বসে বন বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
অবশেষে অসদাচরণের অভিযোগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক আদেশে কবির হোসেন পাটোয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেয়। একই সঙ্গে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মানুষও মাঠে নেমে আসেন। বরিশালে মানববন্ধন করে তারা কবির হোসেনের বিচার দাবি করেন। ভুক্তভোগী স্বজনেরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।
এদিকে, মঙ্গলবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বন কর্মকর্তা কবির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
