ছবি- সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও ফোনকলে কথা বলেন তিনি।
জর্জিয়েভা বলেন, “আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। যখন দেশের অর্থনীতি ভয়াবহ সংকটে ছিল, তখন আপনি দায়িত্ব নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।” বিশেষভাবে তিনি বাজারভিত্তিক বিনিময় হার চালু এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ পুনরুদ্ধারের উদ্যোগের প্রশংসা করেন।
অধ্যাপক ইউনূস কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আইএমএফের সহায়তা বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে ফিরিয়ে আনতে সহায়ক হয়েছে।” তিনি স্মরণ করিয়ে দেন, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাদের প্রথম সাক্ষাৎ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ভিত্তি তৈরি করেছিল।
আলোচনায় আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়েও মতবিনিময় হয়। ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচনের পর তিনি পূর্ববর্তী কর্মকাণ্ডে ফিরে যাবেন।
কথোপকথনে আইএমএফ প্রধান ব্যাংকিং খাত সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেন। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সহ উপস্থিত ছিলেন অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার।
আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে জামায়াত
Find us on YouTube
