বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মন্তব্য, পিআর মূলত একটি সাজানো মাস্টারপ্ল্যান। তার মতে, এই প্রক্রিয়ায় নির্বাচন হলে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হবে।
ডেস্ক রিপোর্ট: সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ক্যান্সারে আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে এসব মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, একটি ইসলামী দল পিআর বাস্তবায়নের জন্য আন্দোলনের ডাক দিয়েছে। এটি মূলত একটি সাজানো মাস্টারপ্ল্যান, যা কারও উপকারে আসবে না। পরাজিত শক্তির সঙ্গে সমঝোতার রাজনীতি কোনো ইতিবাচক ফল দেবে না; বরং এতে জটিল ও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
তিনি ২০১৩ সালের ‘শাপলা চত্বর’ ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, শাপলা হত্যাকাণ্ডের সময় হেফাজত সভাপতি ও কর্মীদের রক্তকে তিনি তামাশার বিষয় বানিয়েছিলেন বলে অভিযোগ করেন রিজভী। তিনি আরও বলেন, অপপ্রচার এবং গণহত্যার মাধ্যমে মুসলমানদের দমন করা যায় না।
এদিকে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাওলানা ফারুকীর প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়—এ বার্তাটি পৌঁছে দেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য-সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদত হোসেন।
এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হেদায়েতউল্লাহ কাসেমী, মুফতি জাবের কাসেমী, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মুফতি জাকির হোসেন কাসেমী, মাওলানা সালেহ আহমদ আজম ও মুফতি এনায়েত উল্লাহ প্রমুখ।
সোর্স: ঢাকা পোস্ট
