ডেস্ক রিপোর্ট: রাজধানীর সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আইস্ক্রিন অরিজিনালস ওয়েব ফিল্ম ‘নয়া নোট’-এর বিশেষ প্রদর্শনী। আয়োজিত এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন শিল্প-সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বরা।

শুভেচ্ছা জানাতে আসেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত ও তাঁর স্ত্রী শিরিন হায়াত, আফজাল হোসেন, সংগীতশিল্পী কোনাল, ডিজাইনার বিপ্লব সাহা, মীর সাব্বির, চুমকি, শ্রাবণী ফেরদৌসসহ আরও অনেকে। প্রদর্শনী শেষে অতিথিরা নির্মাণশৈলী ও অভিনয়ের জন্য প্রশংসা করেন ‘নয়া নোট’-কে।
এই ওয়েব ফিল্মের মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন অনন্য প্রতীক চৌধুরী, যিনি খ্যাতিমান নির্মাতা অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর সন্তান। কয়েকদিন আগে মুক্তি পাওয়া পোস্টার ও টিজারেই দর্শকের কৌতূহল তৈরি হয়েছিল। বিশেষ করে নাসির উদ্দিনের উপস্থিতি টিজারে সবার দৃষ্টি কেড়ে নেয়।
গল্পে দেখা যায়, ঢাকার ব্যস্ত নগর জীবনে এক ভিখারি জাহাঙ্গীর এবং তরুণ চাকরিজীবী রেহানের অপ্রত্যাশিত সাক্ষাৎ। জাহাঙ্গীর ছেঁড়াফাটা নোটের বিনিময়ে মানুষের কাছে হাত বাড়ায়, আর রেহান চাকরি ও সম্মান ধরে রাখার সংগ্রামে লিপ্ত। বাবাহীন রেহান এই বৃদ্ধ ভিখারির মাঝে খুঁজে পান পিতার ছায়া। সেখান থেকেই জন্ম নেয় এক অদ্ভুত সম্পর্ক, যেখানে উঠে আসে প্রতারণা, আকাঙ্ক্ষা আর মানবিকতার গল্প।
ওয়েব ফিল্মটি মুক্তি পেয়েছে আইস্ক্রিন প্ল্যাটফর্মে। এতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, মনিফা মোস্তাফিজ, আজম খান, নওবা তাহিয়া প্রমুখ।
আরো পড়ুন : চরকিতে শুরু হলো ভালোবাসার নতুন গল্প ‘খুব কাছেরই কেউ’
