ডেস্ক রিপোর্ট: হলিউডের কিংবদন্তি অভিনেতা, নির্মাতা ও রাজনৈতিক কর্মী রবার্ট রেডফোর্ড আর নেই।যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

১৯৬০ ও ৭০-এর দশকে হলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন ছিলেন রবার্ট রেডফোর্ড। ১৯৬২ সালে War Hunt চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্রেডিটেড ভূমিকায় অভিনয় করেন। এরপর ১৯৬৯ সালে Butch Cassidy and the Sundance Kid সিনেমায় অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। পরবর্তীতে The Great Gatsby (১৯৭৪), All the President’s Men (১৯৭৬), Out of Africa (১৯৮৫), Indecent Proposal (১৯৯৩) সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৪ সালে তিনি যোগ দেন মার্ভেল ইউনিভার্সে Captain America: The Winter Soldier ছবির মাধ্যমে।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও খ্যাতি অর্জন করেন রেডফোর্ড। তাঁর প্রথম পরিচালিত চলচ্চিত্র Ordinary People তাঁকে এনে দেয় অস্কার পুরস্কার। ২০০২ সালে একাডেমি তাঁকে সম্মানসূচক পুরস্কার প্রদান করে। ১৯৮১ সালে তিনি প্রতিষ্ঠা করেন Sundance Institute, যা এখনো Sundance Film Festival আয়োজন করে আসছে।

২০১৬ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান Medal of Freedom প্রদান করেন। ওবামা তখন বলেছিলেন, “আমেরিকানরা শুধু রেডফোর্ডের অভিনয়ই নয়, বরং তিনি জীবনের পরবর্তী পথ কীভাবে ঠিক করেছেন, সেটির জন্যও তাঁকে শ্রদ্ধা করেন।”
আরো পড়ুন : রালফ লরেন ফ্যাশন উইকে প্রিয়াঙ্কা-নিক, মনে করিয়ে দিল মেট গালা ডেবিউ
