ডেস্ক রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টানা ১৮ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার বিকেল পাঁচটার দিকে চিকিৎসকরা তাঁকে ছাড়পত্র দেন।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, হাসপাতাল থেকে ছাড়ার পর নুরুল হক বাসায় গেছেন। তবে মঙ্গলবার তাঁর নাকের অস্ত্রোপচারের জন্য অন্য একটি হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে।
রাশেদ খান বলেন, “আজকে ঢাকা মেডিকেল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামীকাল আরেকটি হাসপাতালে নাকের অস্ত্রোপচার করানো হবে। এজন্য সাময়িকভাবে বাসায় নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, নুরুল হকের শারীরিক অবস্থার এখনো উন্নতির প্রয়োজন রয়েছে। হাঁটাচলা স্বাভাবিক হয়নি এবং নাকের হাড় ভাঙা থাকায় স্পষ্টভাবে কথা বলতে পারছেন না।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার আশ্বাস দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় গণ অধিকার পরিষদের সিদ্ধান্ত—তাঁকে সিঙ্গাপুরে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট কাকরাইল এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন।
