ডেস্ক রিপোর্ট: দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের জন্য ছয় দফা দাবি জানিয়েছে খেলাফত মজলিস। এর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন। এ দাবিগুলো বাস্তবায়নে নতুন কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।
সোমবার দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব আহমদ আবদুল কাদের এই দাবিগুলো উপস্থাপন করেন। এ সময় শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
খেলাফত মজলিসের ৬ দফা দাবি:
১. অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও এর আইনি স্বীকৃতি প্রদান।
২. জুলাই সনদ ২০২৫-এর ভিত্তিতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
৩. সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে করা।
৪. আওয়ামী ফ্যাসিবাদ ও এর সহযোগীদের অপরাধের বিচার নিশ্চিত করা।
৫. আওয়ামী ফ্যাসিবাদের সহযোগীদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা।
৬. সবার জন্য সমান সুযোগ রেখে অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন; অবৈধ অস্ত্র ও কালোটাকার প্রভাব দূরীকরণ।
এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়ার দাবিও উত্থাপন করা হয়।
জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দুটি প্রস্তাব:
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর দুই মাসের মধ্যে গণভোটের মাধ্যমে সাংবিধানিক মর্যাদা দেওয়া।
- রাষ্ট্রীয় নীতিমালাসংক্রান্ত বিষয়গুলো অধ্যাদেশ বা নির্বাহী আদেশে বাস্তবায়ন এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে কার্যকর করা। পরবর্তী সংসদ অধিবেশনে এসব প্রস্তাব বিনা পরিবর্তনে অনুমোদন নিশ্চিত করতে সকল দলের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ।
কর্মসূচি:
- ১৮ সেপ্টেম্বর: ঢাকায় বিক্ষোভ মিছিল
- ১৯ সেপ্টেম্বর: সব মহানগরে বিক্ষোভ মিছিল
- ২৬ সেপ্টেম্বর: জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল
সংবাদ সম্মেলনে মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, “সরকার যদি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।” তিনি শান্তিপূর্ণভাবে গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দেশবাসীর সহযোগিতা চান।
দাবি পূরণে খেলাফত মজলিস মাঠে থাকবে উল্লেখ করে মহাসচিব বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে। সে জন্য তাঁরা এ দাবি করছেন। তবে নতুন এই দাবি ও কর্মসূচি পূরণে সম্মিলিত কোনো কর্মসূচি হবে কি না বা অন্য কোনো দল যুক্ত হবে কি না, সে বিষয়ে খোলাসা করে কিছু বলেননি আহমদ আবদুল কাদের। –প্রথম আলো
