হাসপাতাল থেকে বাসায় ফিরছেন নুরুল হক নুর, ছবি- সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দীর্ঘ ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর নিজ বাসায় ফিরেছেন। সোমবার বিকেলে ভিআইপি কেবিন থেকে ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। পরে অ্যাম্বুলেন্সে করে নিজ বাসায় ফেরেন নূর।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, আপাতত নুর বাসায় গেলেও শিগগিরই নাকের অস্ত্রোপচারের জন্য অন্য হাসপাতালে ভর্তি হবেন। তিনি আরও বলেন, বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে প্রক্রিয়া চলছে। সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে তার অন্যান্য স্বাস্থ্য সমস্যারও চিকিৎসা হতে পারে বলে ব্যক্ত করেন রাশেদ।
গত ২৯ আগস্ট সেনা ও পুলিশ সদস্যদের হামলায় নুরুল হক নূর সহ অন্তত ৫০ জন নেতা-কর্মী আহত হন। গুরুতর জখম হয় নুরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে। এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
নিজ দলের সমর্থক ছাড়াও সরকার ও বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও তার বিদেশে চিকিৎসার জন্য দাবি ওঠে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে অবশেষে ১৭ দিন পর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সমর্থকরা আশা করছেন, দ্রুত সেরে উঠে দাপটের সাথে পুনরায় রাজপথে ফিরবেন তরুণ এই নেতা।
আরও পড়ুন: স্বাধীন বাংলাদেশকে মেনে রাজনীতি করে জামায়াত: আযাদ
Find us on Facebook
