
ডেস্ক রিপোর্ট: বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অভিযোগ করেছেন, ভারতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠকে অবৈধ অস্ত্র ও নির্বাচন ষড়যন্ত্র নিয়ে পরিকল্পনা চলছে। তিনি দাবি করেন, এই বৈঠকের সঙ্গে সংশ্লিষ্টভাবে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে, যা আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালে ব্যবহার হতে পারে।
রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বাবর বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়েছে, যার মধ্যে অবৈধ অস্ত্র ও নির্বাচন ষড়যন্ত্র অন্যতম।
তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে বাবর জানান, তিনি খুব শিগগিরই ফিরবেন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য সরকারের প্রচেষ্টা স্বীকার করলেও তিনি দাবি করেন, দেশের ভেতরে অস্ত্র প্রবেশের বিষয়টি উদ্বেগজনক।
প্রসঙ্গত, দীর্ঘ ১৮ বছর পর রোববার বিকেল ৪টা ২২ মিনিটে বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। তবে সেসময় তার সঙ্গে কোনো বিএনপি নেতাকর্মী উপস্থিতি ছিল না।
উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন লুৎফুজ্জামান বাবর। অতঃপর দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ প্রায় দেড়-যুগের বেশি কারাবন্দী জীবন কাটান তিনি।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে নবজন্মের মহোৎসব: অধ্যাপক ইউনূস
Find us on Facebook
