ব্রিফিংকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ছবি- সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, স্বাধীন বাংলাদেশকে মেনে রাজনীতি করাই দলটির মূল নীতি। তিনি বলেন, “মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন, তাই আমরা সেটিকে স্বীকার করে রাজনীতি করছি।”
রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আযাদ আরও জানান, “মুক্তিযুদ্ধকে স্বীকার না করলে নির্বাচনের প্রশ্নই আসে না।”
আযাদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি জনগণের অভিপ্রায় অনুযায়ী একটি শক্তিশালী অবস্থান দেবে, এবং গণভোটের পর এ বিষয়ে কোনো আইনি চ্যালেঞ্জ থাকবে না বলেও জানা তিনি।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি যুক্ত করেন, “জুলাই কেবল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, এটি জনআকাঙ্ক্ষার প্রতিফলন। এ স্পিরিট ধারণ না করলে ভবিষ্যতে রাজনীতি করা কঠিন হবে।”
উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীনতার বিরোধিতা ও মানবতাবিরোধী কার্যক্রমের অভিযোগে জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর হয়। তবে জামায়াত এসব রায়কে ‘বিচারিক হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে।
এছাড়াও স্বাধীনতা যুদ্ধে তাদের অবস্থান নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে আহ্বান করলেও, এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন ক্ষমা চায়নি দলটি।
আরও পড়ুন: অবৈধ অস্ত্র ও নির্বাচন ষড়যন্ত্র এবং ভারতে হাসিনা–এস আলম বৈঠক নিয়ে বাবর
Find us on YouTube
