কৃষিপণ্য ও জ্বালানি আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাচ্ছে বাংলাদেশ, শুল্ক ২০% থেকে কমে ১৫%-এ নামানোর সম্ভাবনা
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, তুলা, গম, সয়াবিন ও জ্বালানি আমদানি বাড়াচ্ছে। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমছে এবং বাংলাদেশের রপ্তানির ওপর আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক কমানোর সম্ভাবনা তৈরি হচ্ছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছে—বাংলাদেশ যদি আরও বাণিজ্য ঘাটতি কমাতে পারে, তবে শুল্কহার ১৫ শতাংশ বা তারও কমে নামানো যেতে পারে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বর্তমানে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র ৬ বিলিয়ন ডলার, যা কৃষিপণ্য ও জ্বালানি আমদানির মাধ্যমে দ্রুত কমানো সম্ভব। এ বছর ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ও সয়া মিল আমদানি ৪৫০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
আজ সোমবার ইউএসটিআর প্রতিনিধিদল বিজিএমইএ’র সঙ্গে বৈঠক করবে। সেখানে তৈরি পোশাক রপ্তানির ওপর শুল্ক ২০ শতাংশ থেকে ১৫ শতাংশে নামানোর প্রস্তাব তুলে ধরা হবে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ) এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, “শুল্কহার কমলে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আরও প্রতিযোগিতামূলক হবে। এটি উভয় দেশের জন্যই লাভজনক হবে।
