ডেস্ক রিপোর্ট: বলিউডে সিনেমার বাজেট নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। বিশেষ করে কোনো উচ্চ বাজেটের ছবি বক্স অফিসে ব্যর্থ হলে এই আলোচনাই আরও জোর পায়। অভিযোগ রয়েছে, বাজেটের বড় অংশ নষ্ট হয় তারকাদের মোটা অঙ্কের পারিশ্রমিক আর তাদের ব্যক্তিগত বিলাসিতার পেছনে।
রাকেশ রোশন, ফারহা খান, সঞ্জয় গুপ্তাসহ বেশ কিছু নামী পরিচালক ইতোমধ্যেই এই প্রবণতার সমালোচনা করেছেন। এবার একই প্রসঙ্গে মতামত দিলেন জনপ্রিয় অভিনেতা আমির খান।
কোমল নাহাতার সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় আমির খান বলেন, “তারকাদের সম্মান অবশ্যই প্রাপ্য, তবে সেই সম্মান প্রযোজকদের জন্য বোঝা হয়ে উঠতে পারে না।” অভিনেতাদের ব্যক্তিগত খরচ প্রযোজকের ঘাড়ে চাপিয়ে দেওয়াকে তিনি একেবারেই সঠিক মনে করেন না।
আমির আরও ব্যাখ্যা দেন, “প্রযোজকের খরচ শুধুমাত্র ছবির কাজে সীমাবদ্ধ থাকা উচিত। যেমন—মেকআপ, পোশাক বা শুটিং-সংক্রান্ত চাহিদা। কিন্তু আমার ড্রাইভারের খরচ প্রযোজক বহন করবেন কেন?”
তার ভাষায়, ড্রাইভার কিংবা সহকারীরা তার ব্যক্তিগত কর্মী, ছবির অংশ নন। তাদের বেতন দেওয়া অভিনেতার দায়িত্ব, প্রযোজকের নয়। তিনি জানান, শুরু থেকেই এ নিয়ম মেনে চলেছেন এবং টানা ৩৭ বছর ধরে এ নীতিতেই কাজ করছেন।
