
ডেস্ক রিপোর্ট: রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন এবং সেটি হবে “জাতির নবজন্মের মহোৎসব।”
তিনি ব্যক্ত করেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো যে অগ্রগতি দেখিয়েছে, তা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। শুরুতে কমিশনের ধারণা নিয়ে তার মধ্যে সন্দেহ থাকলেও আজকের আলোচনার ভিত্তিতে তিনি অভিভূত।
উল্লেখ্য, কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্য দেশও অনুসরণ করতে পারে। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, “যে পথে আমরা শুরু করেছি, সেই পথ থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ছাত্র-জনতার দেওয়া সুযোগ থেকেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”
ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, “এটি হবে কেবল জাতীয় নির্বাচন নয়, এটি হবে জাতির সত্যিকারের নবজন্ম। এত ত্যাগ আর রক্ত তখনই সার্থক হবে, যদি আমরা ঐক্যমতের মাধ্যমে এটি অর্জন করি।” তিনি সতর্ক করে বলেন, দ্বিমত বা বিভাজনের কোনো জায়গা নেই; ঐকমত্য ছাড়া নির্বাচন সার্থক হবে না।
এছাড়াও গতবছরের গণআন্দোলনের উদাহরণ টেনে তিনি উদ্ধৃত করেন, ছাত্র-জনতার অভ্যুত্থান একটি আলাদিনের প্রদীপের মতো সুযোগ এনেছে। “আমরা চাইলে ছোটখাটো সমস্যা সমাধান করতে পারি, আবার চাইলে পুরো জাতিকে নতুনভাবে গড়ে তুলতে পারি। এই সুযোগ একবারই এসেছে।”

সভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, বিএনপি, জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন ২০২৫: ফেব্রুয়ারিতে ভোট না হলে ঝুঁকিতে পড়বে দেশ
Find us on Facebook
